ইরানের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেন’ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র দেশটিতে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে এবং শিগিরই এই স্থাপনায় হামলা চালানো হতে পারে।‘হিউ হিউইট শো’ নামক এক রেডিও অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘আমরা পিক্যাক্স মাউন্টেন নিশ্চিহ্ন করে দেব। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’ তিনি আরো জানান যে মার্কিন প্রশাসন এই পাহাড়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।ইরানের পারমাণবিক পরিস্থিতি ভালো নয় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যখনই আমরা তাদের পারমাণবিক তৎপরতার কথা শুনি, তখনই তা উড়িয়ে দিই। তাই তারা এখন এ নিয়ে কথা বলতে পছন্দ করে না।’ ইরানকে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আজ রাতেও আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব এবং আগামীকালও তা অব্যাহত থাকবে। আর এ ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না।
পিক্যাক্স মাউন্টেন হলো ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ও সংবেদনশীল স্থান। পাহাড়ের মাটির গভীরে তৈরি এই সুড়ঙ্গ কমপ্লেক্সটি এতটাই সুরক্ষিত যে সামরিক বিশেষজ্ঞদের মতে—মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী বাংকার-বাস্টার বোমা দিয়েও এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। ট্রাম্প এখন সেই অসম্ভব স্থাপনাটিই গুঁড়িয়ে দেওয়ার দাবি করছেন।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ের পর পারস্য উপসাগরে ইরানের ওপর আবারও কড়াকড়ি আরোপ করছে মার্কিন প্রশাসন। ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর পুনরায় অবরোধ জারি করছে।
একই সঙ্গে ট্যাক্সের বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল সচল রাখার বিষয়টি নিশ্চিত করবে।
Reporter Name 



















